জম্মু, ২৬ জুন (হি.স.): সিস্টেমে পরিবর্তন আনলেই দুর্নীতি কমানো সম্ভব, আর সেই প্রক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার জম্মুতে ‘ভারতের জাতীয় নিরাপত্তা’ বিষয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, “আমি এমনটা দাবি করছি না যে, আমরা দুর্নীতির মূলোৎপাটন করেছি। কেউ তা পারে না। শুধুমাত্র বক্তৃতা দিয়েই এটা কমানো যায় না এবং সিস্টেমে পরিবর্তন এনেই তা করা যায় এবং প্রধানমন্ত্রী এই প্রক্রিয়া শুরু করেছেন।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “আমরা যখন ভারতের জাতীয় নিরাপত্তার কথা বলি, তখন প্রথমেই যে বিষয়টি মাথায় আসে তা হল সীমান্তের নিরাপত্তা। কারণ সীমান্ত সুরক্ষিত না থাকলে দেশও সুরক্ষিত থাকবে না।” রাজনাথ সিং বলেছেন, “ভারত স্বাধীন হওয়ার পর থেকেই সীমান্তে অথবা সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অস্থিতিশীলতার পরিবেশ সৃষ্টির জন্য অনেক ভারত-বিরোধী শক্তির নিরন্তর প্রচেষ্টা চলছে। পাকিস্তানের মাটি থেকে বৃহৎ পরিসরে নিরন্তর প্রচেষ্টা চলছে।” রাজনাথ আরও যোগ করেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ শুরু করেছে এবং প্রথমবারের মতো শুধু দেশ নয়, বিশ্ব জানতে পেরেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের অর্থ কী।”

