স্যাগকে রুখে পয়েন্টে ভাগ বসালো ইকফাই ফুটবল ক্লাব

ইকফাই-‌০                                                                                   

সাই স্যাগ-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।।আত্মপ্রকাশেই চমক দিচ্ছে ইকফাই ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবকে পরাজিত করার পর সোমবার রুখে দিলো আসরের শক্তিশালী দল সাই স্যাগকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতায় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দু-‌দলের ম্যাচটি শেষ হয় গোলশূণ্য ভাবে। রবিবার রাতে বৃষ্টির ফলে উমাকান্ত মাঠ কিছুটা পিচ্ছিল হয়ে পড়ে। ফলে দুদলের ফুটবলাররাই তেমন আহামরি খেলতে পারেননি। তবে দুদলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় কোনও দলই জাল নাড়াতে পারেনি। ম্যাচের ৫৭ মিনিটে ইকফাই ফুটবল ক্লাবের সাচলাং দেববর্মা যেভাবে দিনের সহজ সুযোগটি নষ্ট করেছে তা ক্ষমার অযোগ্য। দুদলের গোলরক্ষর দুর্জয় বনিক এবং মোমট জমাতিয়া তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য ছিলেন। বেশ কয়েকটি অবধারিত গোল রুখে দেন দুজনই। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় অমিমাংশিতভাবে। রেফারি শিবজ্যোতি চক্রবর্তী হলুদ কার্ড দেখান ইকফাই ফুটবল ক্লাবের দুর্জয় বনিক-‌কে।