ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। স্ফুলিঙ্গ খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। খেলা নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। আগামীকাল থেকে তিন দিনের ম্যাচ। যোগেশ চক্রবর্তী স্মৃতি ২০১৯-২০ সেশনের টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা। ইতিমধ্যে স্ফুলিঙ্গ জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে তিন পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। তবে রান রেটের নিরিখে তারা ইউনাইটেড ফ্রেন্ডস থেকে একটু পিছিয়ে রয়েছে। স্ফুলিঙ্গের বিরুদ্ধে আবার খেলোয়াড় সংক্রান্ত একটি অভিযোগও রয়েছে। এদিকে এম বি বি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস ও জেসিসি-র তিন দিনের ম্যাচও শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রথম রাউন্ডের ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস কসমোপলিটনের বিরুদ্ধে অমীমাংসিত খেলায় প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট পেয়েছে। রান রেটেও কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় ইউনাইটেড ফ্রেন্ডস শীর্ষে রয়েছে। উল্লেখ্য , প্রথম রাউন্ডের দুটি ড্র ম্যাচে পিছিয়ে থাকা দুই দল পরবর্তী খেলায় ঘুরে দাঁড়াতে চাইছে। আগামীকাল থেকে শুরু হওয়া দুটি ম্যাচে চারটি দলই ভালো খেলার লক্ষ্যে নিজেরা আজ হালকা প্র্যাকটিসও করে নিয়েছে।
2023-06-09

