ভারত – বাংলা সীমান্তের জিরো পয়েন্টে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বক্সনগর(ত্রিপুরা), ৩ জুন (হি.স.) : নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ ভারত – বাংলা সীমান্তের জিরো পয়েন্টে উদ্ধার হয়েছে। ওই ঘটনায় বক্সনগর কলসীমুড়া নগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষ মৃতদেহ দেখতে পেয়ে বিএসএফ জওয়ান সহ কলমচৌড়া থানার পুলিশকে খবর পাঠিয়েছেন। এই ঘটনা আত্মহত্যা না কি খুন তা নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বক্সনগর কলসীমুড়া নগর এলাকার এক কৃষক সীমান্তের ওপারে জমিতে কাজ করতে গিয়েছিলেন। তখন গাছে  ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়েছিলেন তিনি। সাথে সাথে তিনি কর্তব্যরত বিএসএফ জওয়ান সহ কলমচৌড়া থানার পুলিশকে ঘটনাটি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন,  প্রথমে মৃত ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানা যাচ্ছিল না। পরবর্তী সময়ে বিভিন্ন থানা গুলিতে খবর নিয়ে দেখা যায় গত কিছুদিন ধরে বিশালগড় থানাধীন রঘুনাথপুর এলাকার বাসিন্দা পিট্টু দাস নামে এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন। তখন বিশালগড় থানায় পরিবারের লোকজনদের নিয়ে এসে মৃতদেহের ছবি দেখানো হয়েছিল। পরিবারের সদস্যরা তাঁকে পিট্টু দাস বলে সনাক্ত করেছেন। আত্মহত্যা না কি খুন তা নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। হি