নয়াদিল্লি, ১ জুন (হি.স.): আগামী ৪ জুলাই সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) কাউন্সিল অফ হেডস অফ স্টেটের ২২ তম শীর্ষ সম্মেলন। গুরুত্বপূর্ণ এই সম্মেলনের পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলির নেতাদের বৈঠকটি ভার্চুয়াল ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে। এই বছর এসসিও-র সভাপতিত্ব ভারতের হাতে রয়েছে।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এসসিও-র ২২তম শীর্ষ সম্মেলনে যোগ দেবে চিন এবং পাকিস্তান। সদস্য দেশগুলির পাশাপাশি ইরান, বেলারুশ এবং মঙ্গোলিয়াকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে মোদীর সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে। এসসিও ঐতিহ্য অনুসরণ করে অতিথি দেশ তুর্কমেনিস্তানও ডাক পেয়েছে। প্রসঙ্গত, এসসিওর ৮টি সদস্যরাষ্ট্রে পৃথিবীর মোট ৪০ শতাংশ জনসংখ্যার বাস। পৃথিবীর মোট ৩০ শতাংশ জিডিপি এই দেশগুলির নিয়ন্ত্রণে। গত বছরের ডিসেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী।

