নয়াদিল্লি, ৩১ মে (হি.স.) : বিদেশের মাটিতে আবারও ভারত সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর তা নিয়ে রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মোদীজিকে ‘বস’ বলেছেন, তা রাহুল গান্ধীর হজম হচ্ছে না।”
আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি ইভেন্টে রাহুল গান্ধী বলেছেন, “বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে ও সরকারি সংস্থার অপব্যবহার করছে।” রাহুল আরও নানা ধরনের অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। এরই প্রেক্ষিতে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “বিদেশ সফরের সময় রাহুল গান্ধী ভারতকে অপমান করেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্বের প্রায় ২৪ জন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং সম্প্রতি তাঁর বিদেশ সফরের সময় ৫০টিরও বেশি বৈঠক করেছেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যখন বলেছিলেন ‘প্রধানমন্ত্রী মোদীই বস’, রাহুল গান্ধী এটি হজম করতে পারেননি।”

