ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।। অনুষ্ঠিত হয় রোড রেইস। গ্রীষ্মের সকালে ভোরের আলো ফোটার সাথে সাথেই। রৌপ্য জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষ্যে টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে। রাজ্য ক্রীড়া পর্ষদ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায়। রবিবার সকালে আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানের বিপরীতে টেরেসা হেলথ কেয়ার সেন্টারের প্রাঙ্গণ থেকে ৫ কিলোমিটার রোড রেইস অনুষ্ঠিত হয়। তাতে বালিকা ও বালক বিভাগে শ্রেষ্ঠত্ব বজায় রাখে ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষীরানী ত্রিপুরা (১৬ মি. ৫৩.০৮ সে.) ও আকাশ নাথ (১৩ মি.৫০.৪১ সে.)। প্রথম স্থান অধিকারী উভয়কে দশ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়। পুরুষদের দ্বিতীয় রানীর বাজার প্লে সেন্টারের মোবারক হোসেন, তৃতীয় নবগ্রামের আকাশ বর্মন। মহিলাদের বিভাগে আড়ালিয়ার ডঃ বি আর আম্বেদকর প্রশিক্ষন কেন্দ্রের অন্তরা ঘোষ দ্বিতীয়, ফটিকরায়ের অর্পিতা সরকার তৃতীয় স্থানে দৌড় শেষ করে। তাদের প্রত্যেককে যথাক্রমে পাঁচ হাজার ও তিন হাজার টাকা পুরস্কৃত করা হয়। রাজ্যের তথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষদের ৪১৭ ও মহিলাদের ৯৭ জন প্রতিযোগী অংশ নেয়। শহরের উত্তর গেইট থেকে দৌড় শুরু হয়, কর্নেল চৌমুহনী- বিদুরকার্তা- টি আর টি সি- আই জি এম- প্যারাডাইস- পোষ্ট অফিস- সূর্য্য চৌমুহনী- কামান চৌমুহনী- রাজ বাড়ী- মহিলা মহাবিদ্যালয়- বি কে রোড- মরা চৌমুহনী হয়ে বিভিন্ন রাজপথ অতিক্রম করে উত্তর গেইটে দৌড়ের সমাপ্তি রেখা স্পর্শ করে। শরীরকে সুস্বাস্থ্য রাখার জন্যেই ছিল এই দৌড়। অনেকের অভিযোগ হাঁটা প্রতিযোগিতা করা হয়নি কেন? প্রজুক্তিগত কিছু ত্রুটি থাকায় আয়োজকরা দৌড়ের মাধ্যমেই প্রতিযোগিতা সম্পন্ন করেন। এই আসরে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়া আধিকারিক স্বপন সাহা ও ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরজু চক্রবর্তী। তাঁদের হাত দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অংশগ্রহনকারী প্রত্যেককে টি-শার্ট দেয়া হয়। আগামীতে আরও বড়পরিসরে এই দৌড় করার প্রচেষ্টা থাকবে। টেরেসা ডাইগ্নোস্টিক সেন্টারের তরফে অংশগ্রহনকারী ও উপস্থিত সহযোগিতাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানায়।
2023-05-21

