ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুন্দরবনে এল এনডিআরএফ টিম

গোসাবা, ১২ মে (হি. স.) : ঘূর্ণিঝড় মোকার প্রভাব দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা তথা সুন্দরবনে পড়তে পারে। সেই কথাকে মাথায় রেখে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার জন্য ২৫ সদস্যের এনডিআরএফ টিম এল গোসাবায়। পাশাপাশি ৩৬ সদস্যের টিম এল কুলতলিতে এবং ৩৫ সদস্যের টিম এল নামখানায়। বৃহস্পতিবার বিকেলে এনডিআরএফ দলের সদস্যরা এসে পৌঁছন সমস্ত এলাকায়। তাঁরা শুক্রবার থেকেই এলাকায় ছড়িয়ে যাবেন। আপাতত এলাকার মানুষকে সচেতন করার কাজ করছেন তাঁরা। পাশাপাশি এলাকায় মক ড্রিল করছেন এরা।

যদি বিপর্যয় ঘটে তাহলে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই চেষ্টাই করবেন এই দলের সদস্যরা। পাশাপাশি গোসাবা ব্লক প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে, সমগ্র দিকে নজরদারি চলছে। দুর্বল নদীবাঁধ মেরামতির কাজ চলছে সেচ দফতরের তত্ত্বাবধানে। পাশাপাশি ফ্লাড শেল্টারগুলিকে তৈরি রাখা হয়েছে, শুকনো খাবারও মজুত রাখা হয়েছে। অন্যদিকে এনডিআরএফের তরফে জানানো হয়েছে তাঁরা প্রস্তুত। ঘূর্ণিঝড় এলে তাঁরা দ্রুত মোকাবিলার কাজ শুরু করবেন।