চোত্তখোলায় দেড় বছরের কন্যা সন্তানকে বিষ খাইয়ে হত্যাক করে ফাঁসিতে আত্মঘাতী মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷  দেড় বছরের মেয়েকে বিষ খাইয়ে আত্মঘাতী মা৷ হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে বিলোনিয়া মহকুমার পি আর বাড়ি থানাধীন দক্ষিণ শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেদাবাড়ি এলাকায়৷ পারিবারিক কলহের কারণে দেড় বছরের শিশু কন্যাকে বিষ খাইয়ে আত্মঘাতী হলো মা৷ প্রথমে বিষ পান করে এবং পরে মৃত্যু সুনিশ্চিত করতে গলায় দড়ি দিয়ে নিজ ঘরের মধ্যে আত্মঘাতী হয় মা৷ পরিবারের লোকজন প্রথমে স্বস্তি দাস এবং তার কন্যাকে দ্রুত চোত্তাখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷  কর্তব্যরত চিকিৎসক স্বস্তিদাসকে মৃত বলে ঘোষণা করেন এবং শিশু কন্যাকে আশঙ্কাজনক অবস্থায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেন৷ বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার সময় মাঝপথে মারা যায় দেড় বছরের শিশু কন্যা৷ ঘটনা পি আর বাড়ি থানাধীন দক্ষিণ শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেদাবাড়ি এলাকায়৷ জানা যায়, বছর তিনেক আগে খেদাবাড়ি এলাকার বাসিন্দা রাজিব দাস নলুয়া এলাকার স্বস্তি দাসকে ভালোবেসে  বিয়ে করে৷ বিয়ের পর সুখে শান্তিতে সংসার চলতে থাকলেও কিছুদিন পর  দেখা দেয় পারিবারিক অশান্তি৷ যার পরিণতিতেই  নিষ্পাপ দেড় বছরের মেয়ে ও মার মৃত্যুর ঘটনা৷  ঘটনাটি কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷ এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷