নন্দীগ্রাম, ৩০ এপ্রিল (হি.স.) : আজ রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-র শততম পর্ব । সারা দেশে পাশাপাশি এদিন নন্দীগ্রামে সাধারণ মানুষকে এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করে বিজেপি ।
সারা দেশে প্রায় ৪ লক্ষ জায়গায় সাধারণ মানুষকে এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করেছে বিজেপি । তেমনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামেও এই অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুভেন্দু গড় নন্দীগ্রামে বড় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই সম্প্রচার অনুষ্ঠানে দশ হাজার মানুষ হাজির হয়েছিলেন বলে দাবি করেন বিরোধী দলনেতা।
এদিন নন্দীগ্রামের এই অনুষ্ঠান লাইভ করা হয় শুভেন্দুর ফেসবুক অ্যাকাউন্টে। বিজেপি বিধায়ক এদিন লেখেন, ‘নন্দীগ্রামের গোকুলনগর হাইস্কুল মাঠে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজীর ‘মন কি বাত’ এর ১০০ তম পর্বের সম্প্রচার কার্যক্রম।’

