নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ শান্তির পরিবেশ অক্ষুন্ন রাখার তাগিদে বিলোনিয়ার লাউগাঙ এলাকায় পুলিশ পিকেট বসানোর দাবিতে বিরোধী দল সিপিএমের বিধায়ক দীপঙ্কর সেন জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ লাউগান এলাকাতে পুলিশ পিকেট বসানোর দাবিতে শনিবার বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক দীপঙ্কর সেন, দক্ষিণ জেলা পুলিশ সুপার কুলবন সিং এর সাথে সাক্ষাত করেন ও ডেপুটেশন প্রদান করেন৷ বিধায়ক দীপঙ্কর সেন সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের, শান্তির বাজার এলাকায় যে দশটি বুথ রয়েছে এর মধ্যে লাউ গান বেশ স্পর্শকাতর৷ গত বিধানসভা নির্বাচন থেকে এখনো পর্যন্ত ওই এলাকায় বিভিন্ন ধরনের হিংসাত্মক কার্যকলাপ চলছে৷ প্রায় প্রতিদিনই সিপিআইএম কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জুতি সহ বাড়ি ঘরে অগ্ণিসংযোগ পর্যন্ত করা হচ্ছে৷ এরই পরিপ্রেক্ষিতে বিধায়ক দীপঙ্কর সেন ২৯শে এপ্রিল শনিবার দুপুর বারোটায় দক্ষিণ জেলার পুলিশ সুপার কুনবন সিং এর সঙ্গে দেখা করেন ও ডেপুটেশন প্রদান করেন৷ তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার তাকে এই আশ্বাস দিয়েছেন যে ওই এলাকার পরিস্থিতি পর্যায়ে আলোচনা করে পুলিশ পিকেট বসানোর ব্যবস্থা করবেন৷
2023-04-29

