সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির প্রতিবাদে বন্ধ তোর্ষার বাঁশের সাঁকো, বিপাকে যাত্রীরা

কোচবিহার, ২৩ এপ্রিল(হি.স.) : কোচবিহারে দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে কোচবিহারে আন্দোলনে নামল তোর্ষার বাঁশের সাঁকো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের কঠোর শাস্তির দাবিতে রবিবার সাঁকো দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ করে দেন তাঁরা। যার জেরে বিপাকে পরেন যাত্রীরা ।

আন্দোলনকারীদের অভিযোগ, গত ৫ এপ্রিল দুই সিভিক ভলান্টিয়ার ফাঁসিরঘাট পার হচ্ছিলেন। সেই সময় তাঁদের কাছে নির্ধারিত ১৫ টাকা ভাড়া চাইলে তাঁরা তা দিতে অস্বীকার করেন। তাঁদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি হয়। একজন সিভিক ভলান্টিয়ার ক্যাশবাক্স থেকে টাকাও ছিনতাই করে নেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে এদিন ফাঁসিরঘাট সাঁকো দিয়ে যাতায়াত বন্ধ করে সেখানে অবস্থান বিক্ষোভে বসেন কর্মীরা। তাঁদের দাবি, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের কঠোর শাস্তি দিতে হবে। আন্দোলনকারীদের তরফে মঞ্জুদার রহমান বলেছেন, ‘সেই ঘটনার পর থেকেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। তাই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন করা হচ্ছে।’

এদিকে, কর্মচারীদের আন্দোলনের ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ফাঁসিরঘাটে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে না পেরে এদিন সেখানে ভিড় জমে যায়। পথচারী মজিবর মিয়াঁ, খলিল মিয়াঁদের অভিযোগ, সাঁকো দিয়ে পার হতে না পারলে প্রায় ১৪-১৫ কিলোমিটার ঘুরে তাঁদের গন্তব্যে পৌঁছোতে হবে। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।