নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): সংসদের আসন্ন অধিবেশনে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ২০২৩ আনা হবে। এই অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে যে আসন্ন সংসদীয় অধিবেশনে, সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ২০২৩ আনা হবে…পাইরেসির কারণে বিষয়বস্তু যাতে ক্ষতির মুখে না পড়ে তা নিশ্চিত করার জন্য, সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ২০২৩-এর খসড়া করা হয়েছে।”
পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ৬,০০৩ কোটি টাকার বাজেট বিধানের সঙ্গে জাতীয় কোয়ান্টাম মিশন অনুমোদন করেছে। এই মিশনের সময়কাল ২০২৩-২৪ থেকে ২০৩০-৩১ পর্যন্ত। এটি এমন একটি সিদ্ধান্ত যা ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

