কৈলাসহর(ত্রিপুরা ), ১৯ এপ্রিল (হি.স.): পানীয় জলের দাবিতে কৈলাসহরের পূর্ব কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় মানুষ। এদিন কৈলাসহর-কুমারঘাট মূল সড়কে পথ অবরোধের জেরে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাত্রী দুর্ভোগ চরমে পৌছেছে। অবরোধ তুলতে প্রসাশনের আধিকারিকদের কালঘাম ছুটেছে।
ঘটনার বিবরনে জানা গেছে, কৈলাসহরে পূর্ব কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় এক বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষ। সংশ্লিষ্ট এলাকায় ডি ডব্লিও এস দপ্তর থেকে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। কিন্তু গত পাঁচ দিন ধরে সেই জল সরবরাহও বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
তাঁদের আরও অভিযোগ, বিষয়টি বেশ কয়েকবার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও কেউ কর্ণপাত করেননি। তাই, জনগন বাধ্য হয়ে বুধবার পানীয় জলের দাবিতে কৈলাসহর-কুমারঘাটের মূল সড়কে পথ অবরোধ করেন। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দুর্ভোগ চরমে পৌছেছিল।
অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন। অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। ওই আশ্বাসের ভিত্তিতে স্থানীয় মানুষ অবরোধ প্রত্যাহার করেন। তবে, অবিলম্বে সমস্যার সমাধান না হলে এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।

