বেআইনিভাবে গবাদি পশু পাচারকালে মন্ত্রী আটক করলেন গাড়ি

আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : বেআইনিভাবে গবাদি পশু পাচারকালে মন্ত্রী সুধাংশু দাস একটি বুলেরো গাড়ি আটক করেছেন। বুধবার অসম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় গবাদি পশু বহনকারী গাড়ি আটক করেছেন তিনি। তারঁ দাবি, সরকারকে বদনাম করার জন্য কতিপয় পুলিশ কর্মীদের সহযোগিতায় চলছে বেআইনিভাবে গবাদি পশু পাচার।

মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, বুধবার আমবাসায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সন্দেহবশত অসম- আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় গবাদি পশু পরিবহনকারী একটি বলেরো গাড়ি আটক করেছেন তিনি। তাতে তিনি দেখতে পান অমানবিক ভাবে ১২টি গবাদি পশু বেধে নিয়ে যাচ্ছেন গাড়ির চালক। পরবর্তী সময়ে মন্ত্রী গাড়ির চালকের কাছ থেকে কাগজ দেখতে চাইলেন। গাড়ির চালক যে কাগজ দেখিয়েছেন তাতে ১৩টি গবাদি পশুর উল্লেখ রয়েছে। তাতে তাঁর সন্দেহ হলে তিনি সাথে সাথে মুঙ্গিয়াকামী থানায় খবর পাঠান।পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি থানায় নিয়ে গেছে।

গবাদি পশু পাচারের বহু অভিযোগ পশু কল্যাণ দফতরে জমা পড়েছে। তাই তিনি সন্দেহ প্রকাশ করে বললেন, হয়তো আরেকটি গবাদি পশু তারা রাস্তা থেকে তুলে পাচার করার জন্য নিয়ে যাবেন। অনেকগুলি নাকা পয়েন্ট থাকা সত্ত্বেও কি করে গবাদি পশু বোঝাই অবৈধ গাড়িগুলি পেরিয়ে যাচ্ছে, বিস্ময় প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, গবাদি পশুর ব্যবসায় আপত্তি নেই। কিন্তু বেআইনীভাবে পাচার করা যাবে না। তবে সরকারের ইচ্ছে থাকা সত্বেও কিন্তু প্রশাসনের সহযোগিতা না মিললে এই ধরণের বেআইনি কার্যকলাপ বন্ধ করা যাবে না। মন্ত্রী এই ধরণের ঘটনায় একাংশ পুলিশ কর্মীর বিরুদ্ধেও আঙুল তুলেছেন। তিনি বলেন, একাংশ পুলিশ কর্মী এই গবাদি পশু পাচারের সঙ্গে জড়িত আছে। তাই এ–বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।