তীব্র দাবদাহে সিনিয়র মহিলা ক্রিকেটের সময়সূচিতে পরিবর্তন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। সিনিয়র মহিলা রাজ্য ক্রিকেটের ক্রীড়া সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। খেলা শুরু হবে ২২ এপ্রিল থেকেই। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ রাখা হয়েছে যথাক্রমে ২৯ ও ৩০ এপ্রিল। মূলতঃ গ্রুপ লীগ পর্যায়ের খেলা গুলি পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিদিন দুই বেলা ম্যাচের ব্যবস্থা রাখা হলেও নতুন ক্রীড়া সূচি অনুযায়ী সাম্প্রতিক উষ্ণ আবহাওয়ার কারণে প্রতিদিন একটি করে ম্যাচ রাখা হয়েছে। খেলা শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে। সকাল সাড়ে আটটায় শুরু হয়ে প্রথম বেলায় ৯:৪৫-এ ১৫ মিনিটের বিরতির পর দশটা থেকে পুনরায় দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে। ২২ এপ্রিল টুর্নামেন্টের প্রথম দিন ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে সদর-এ খেলবে ধর্মনগর মহকুমা দলের বিরুদ্ধে। নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে বিলোনিয়া খেলবে লংতরাইভ্যালি দলের বিরুদ্ধে। নীপকো মাঠে মোহনপুর খেলবে খোয়াই-এর বিরুদ্ধে। ২৩ এপ্রিল চারটি ম্যাচ রাখা হয়েছে। পিটিএ গ্রাউন্ডে সদর-এ খেলবে বিলোনিয়ার বিরুদ্ধে। পঞ্চায়েত মাঠে ধর্মনগর খেলবে লংতরাইভ্যালির বিরুদ্ধে। নীপকো মাঠে মোহনপুর খেলবে সদর বি-র বিরুদ্ধে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে বিশালগড় ও সাব্রুম পরস্পরের মুখোমুখি হবে। একইভাবে ২৪, ২৬ ও ২৭ এপ্রিল গ্রুপ লীগের খেলা শেষে ২৯ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে ও পিটিএ গ্রাউন্ডে হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ রাখা হয়েছে ৩০ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে। উল্লেখ্য, টুর্নামেন্টের গ্রুপ এ-তে রয়েছে সদর-এ, ধর্মনগর, বিলোনিয়া ও লংতরাইভ্যালি; গ্রুপ বি-তে রয়েছে শান্তিরবাজার, কমলপুর ও কৈলাসহর; গ্রুপ সি-তে রয়েছে মোহনপুর, খোয়াই ও সদর-বি; গ্রুপ ডি-তে রয়েছে বিশালগড়, সাব্রুম, তেলিয়ামুড়া ও উদয়পুর। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ বাছাই দল সেমিফাইনালে খেলবে।