শাহের অভিযোগের পালটা সভা করে আজ জবাব দেবে তৃণমূল

সিউড়ি, ১৬ এপ্রিল(হি.স.): কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও আর্থিক বঞ্চনার প্রতিবাদে আজ রবিবার বিশাল জনসভা সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে l বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। থাকার কথা বিধায়ক সোহমের। এর পাশাপাশি থাকবেন রাজ্যের ও বীরভূম জেলা তৃণমূল নেতৃবৃন্দ।

শুক্রবার তৃণমূল নেতৃত্ব ঠিক করে বীরভূমের সিউড়িতে অমিত শাহের পাল্টা সভা করা হবে। এদিনের জনসভায় উপস্থিত থাকার জন্য বীরভূম সাংগঠনিক জেলা থেকে আমন্ত্রণ জানানো হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তিনিও জানান, পাল্টা সভার কথা। সভায় যাতে অমিত শাহের জনসমাবেশের থেকে লোক জমায়েত বেশি হয়, তার জন্য দাঁত কামড়ে নেমেছে তৃণমূল।
ওইদিনই অমিত শাহের ভাষণের পরপরই তৃণমূল নেতৃত্ব পালটা প্রতিক্রিয়া জানাতে শুরু করে। বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে নিশানা করায় তেড়েফুঁড়ে উঠেছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, আমাদের দল বঞ্চনার যে প্রশ্নগুলি তুলছে, তার একটিরও জবাব কেন্দ্রীয় মন্ত্রী দেননি। ১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের দাবিতেও নিরুত্তর ছিলেন অমিত শাহ।