ওয়াশিংটন, ৮ এপ্রিল (হি.স.) : ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। আমেরিকার নরম্যানের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে শুটার ঢুকে পড়ার অভিযোগে আচমকা আতঙ্ক ছড়াল। শনিবার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজ ঢুকে গুলি চালিয়েছে বলে দাবি করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে।
কলেজ কর্তৃপক্ষের তরফে আপাতত পড়ুয়াদের কলেজে আসতে বারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছিল জরুরি অবস্থাও। তবে বর্তমানে পড়ুয়াদের আর কোনও ঝুঁকি নেই বলেই জানানো হয়েছে। গুলি চালানোর ঘটনায় এখনও অবধি হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও উপস্থিত হয়েছে সোয়াট বাহিনী। গোটা কলেজে তল্লাশি অভিযান চলছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও বন্দুকবাজের হামলা নিয়ে পড়ুয়াদের সতর্ক করা হয়। টুইট করে বলা হয়, “ভ্যাল ভ্লিট ওভালে গুলি চলছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। পালাও, লুকিয়ে পড়ো বা লড়াই করো!” এর কিছুক্ষণ পর ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে টুইট করে জানানো হয়, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভাল করে তল্লাশি চালিয়ে দেখা গিয়েছে কোনও ঝুঁকি নেই। যে সতর্কতা জারি করা হয়েছিল, তাও বাতিল করে দেওয়া হয়েছে।”
জানা গিয়েছে, পুলিশের সন্দেহ ছিল বিশ্ববিদ্যালয়ের সাউথ ওভালে লুকিয়ে রয়েছে বন্দুকবাজ। আপাতত পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওই অংশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলিতেও দেখা গিয়েছে, গোটা বিশ্ববিদ্য়ালয় পুলিশ ঘিরে ফেলেছে। সোয়াটের দল ও ট্যাকটিকাল ভেহিকেলও দেখা যায়। প্রসঙ্গত, দুইদিন আগেই ন্য়াশভিলের একটি স্কুলেও বন্দুকবাজের হামলা চলেছিল। নয় বছরের দুই নাবালিকা, এক নাবালক ও স্কুলের এক কর্মী গুলির আঘাতে মারা যান। বিগত কয়েক বছর ধরেই আমেরিকার স্কুল-কলেজে বন্দুকবাজের হামলার ঘটনা বেড়েছে। গত বছর থেকে এখনও অবধি মোট ১২৯টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে, যেখানে চার বা তার বেশি সংখ্যক মানুষ আহত বা নিহত হয়েছেন।

