আগরতলা, ৫ এপ্রিল (হি.স.) : আইজিএম হাসপাতালে চিকিত্সায় গাফিলতির কারণে সাত মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ তুলে শিশুটির পরিবারের সদস্যরা হৈচৈ করেছেন। তাঁদের দাবি, অসুস্থ শিশুটিকে কর্তব্যরত চিকিত্সক ছুয়েও দেখেননি। কোন পরীক্ষা ছাড়াই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, চিকিত্সকের ময়না তদন্তের নির্দেশ ঘিরে মৃতার পরিবার চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে। ওই ঘটনায় কিছুক্ষণের জন্য হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছিল।
মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কয়েকদিন যাবৎ শিশুটি জ্বরে ভুগছিল। ইতিমধ্যে শিশুটিকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকে দেখানো হয়েছিল। আগামী শুক্রবার পুণরায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিত্সক। কিন্তু জ্বর না কমায় বুধবার সকালে তাঁকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কা জনক দেখে অক্সিজেন সাপোর্টে আ ই জি এম হাসপাতলে স্থানান্তর করেন। কিন্তু আইজিএম হাসপাতালে আসার পরে চিকিত্সকরা শিশুকে স্পর্শ না করেই মৃত ঘোষণা দিয়েছেন। এমনকি মৃতদেহের ময়নাতদন্তের জন্যও নির্দেশ দিয়েছেন, অভিযোগ করে বলেন তিনি।
তাঁদের দাবি, চিকিৎসক মৃত ঘোষনার পরও শিশুটির প্রাকৃতিক কাজ হয়েছে। এমনকি তাঁর শরীর গরম ছিল। তবুও চিকিৎসক কিসের ভিত্তিতে শিশুটিকে মৃত ঘোষনা দিয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। ফলে, তাঁদের সমস্ত ক্ষোভ চিকিৎসকের উপর পড়েছে। তাঁরা আইজিএম হাসপাতালের ওই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ওই ঘটনাকে ঘিরে কিছুক্ষণের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

