সিপি-র অনুরোধের চিঠি পেয়ে হাওড়া সফর স্থগিত রেখে মামলা তুলে নিলেন শুভেন্দু

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার বিভিন্ন এলাকায় যে অশান্তির আবহ তৈরি হয়েছিল। এই অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার দু’টি জায়গায় যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে মঙ্গলবার তাঁর লিখিত আবেদনের জবাব দিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। সেই জবাবি চিঠি পাওয়ার পর শুভেন্দুবাবু ওই মামলা প্রত্যাহার করেছেন।

এর আগে হাওড়ার কয়েকটি এলাকায় প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়। শুভেন্দুবাবু দাবি করেছিলেন, গত ২ এপ্রিল তিনি হাওড়ার শিবপুরের কয়েকটি এলাকায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করে পুলিশ কমিশনারকে ফোন ও মুঠোফোনে বার্তা পাঠিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পারায়, তিনি চিঠি লিখে শিবপুর যাওয়ার কথা সিপি-কে জানান বলে দাবি করেন বিরোধী দলনেতা। মঙ্গলবার সিপি সেই চিঠিরই জবাব দিয়েছেন বলে বিজেপি শিবিরের দাবি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, হাওড়ার পুলিশ কমিশনার শুভেন্দু অধিকারীকে হাওড়ার ওই বিশেষ জায়গাগুলিতে না আসার অনুরোধ করে মঙ্গলবার পাল্টা চিঠি পাঠালেন সিপি। ওই চিঠিতে তিনি শুভেন্দুবাবুকে জানিয়েছেন, আপাতত ওই সমস্ত জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। তা উঠে যাওয়ার পরেই যেন শুভেন্দুবাবু পরিদর্শনে আসেন।

সিপি-র পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে হাওড়ার বিশেষ কিছু এলাকায় শান্তি বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই মুহূর্তে বিরোধী দলনেতা ওই জায়গাগুলিতে পরিদর্শনে গেলে সেখানে তাঁর সমর্থক, সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমের ভিড় হতে পারে। এর ফলে ১৪৪ ধারার নিয়ম লঙ্ঘিত হবে এবং এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। তবে ১৪৪ ধারা উঠে গেলে শুভেন্দু হাওড়া পরিদর্শনে যেতে পারবেন বলেও ওই চিঠিতে জানিয়েছেন সিপি।

সিপি-র চিঠি পাওয়ার পর শুভেন্দুবাবু জানিয়েছেন, আপাতত তিনি হাওড়ায় যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। তাঁর দাবি, বর্তমানে পরিস্থিতির কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ১৪৪ ধারা উঠে গেলেই তিনি হাওড়ার কয়েকটি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।