আসানসোল, ৩ এপ্রিল (হি. স.) : আসানসোল থানার অন্তর্গত শীতলা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। ঘটনার প্রতিবাদে অবরোধ-বিক্ষোভে শামিল হলেন উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। মৃত শিশুর নাম মহম্মদ আলি হাসান (১৩)। বাড়ি আসানসোল উত্তর থানার শীতলা মোড়ের অদূরে মৌজুরিতে। সে এলাকায় একটি মাদ্রাসা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। বাসিন্দারা ঘটনার প্রতিবাদে ও ওই জায়গায় একটি আন্ডারপাস তৈরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে শীতলা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয়ে যানজট। খবর পেয়ে এলাকায় আসে আসানসোল উত্তর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ মহম্মদ আলি শীতলা মোড়ের কাছে স্কুল থেকে বাড়ি ফেরার জন্য রাস্তা পার করছিল। সেই সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপরই এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, বারবার আন্ডারপাস তৈরির জন্য বলা হলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন কেউ কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই মুহূর্তে জাতীয় সড়ক নতুন করে সম্প্রসারণ করা হচ্ছে। তাতে আরও সমস্যা হচ্ছে। দ্রুত আন্ডারপাস তৈরিতে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। তাঁদের আরও দাবি, ওই পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। পুলিশি আশ্বাসে ঘণ্টাখানেক পর বিক্ষোভ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

