রাজগঞ্জ, ২৪ মার্চ (হি.স.) : জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসীকাঁটা গ্রাম পঞ্চায়েতের নাকুগছ এলাকায় পুকুর পাড় থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য। শুক্রবার রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নাকুগছের আব্দুল আজিদের মেয়ে নাসিমার বিয়ে ঠিক হওয়ায় প্রায় দশ মাস আগে মহর হয়েছে। কিছুদিন পর মুসলিম রীতি মেনে তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। আব্দুল আজিদ বলেন, গতকাল রাতে খাওয়া দাওয়া করে নাসিমা তার ছোট বোনের সঙ্গে এক ঘরে শুয়ে ছিল। এদিন সকাল থেকে রোজা শুরু হওয়ার আগে রাত আড়াইটা নাগাদ কিছু খাওয়ার জন্য বাড়ির সকলে ঘুম থেকে উঠি। তখনই দেখতে পাই বড় মেয়ে ঘরে নেই। খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরের পাড় থেকে মৃতদেহ উদ্ধার হয়। ঠিক কি কারণে এমনটা ঘটল তা বুঝতে পারছি না। ঘটনাটি দেখে প্রতিবেশীরাও হতবাক। মৃত্যুর সঠিক কারন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

