শিলচর (অসম), ১২ মার্চ (হি.স.) : শিলচরে অবস্থিত অসম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সংগঠিত পোশাক কেলেংকারির সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বরাক ডেমোক্র্যাটিক যুবফ্রন্ট ( বিডিওয়াইএফ)।
সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের গাউন ও টুপির পরিবর্তে ভারতীয় পোশাক পরানোর নামে আড়াই কোটি টাকার কেলেংকারি হয়েছে এবং তার লভ্যাংশ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উচ্চপদে আসীন কর্মকর্তারা। এই অভিযোগ তুলে এবার সমগ্র ঘটনার তদন্ত দাবি করেছে বিডিওয়াইএফ।
আজ রবিবার এক প্রেস বার্তা জারি করে যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, কিছুদিন আগে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম রুখতে ও মানোন্নয়নের লক্ষ্যে বরাকের শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি পরামর্শদাতা কমিটি গঠনের দাবি জানানো হয়েছিল। তাঁদের আশঙ্কা ও উদ্বেগ যে মিথ্যা ছিল না সাম্প্রতিক এই ঘটনা সেটাই প্রমাণ করেছে। তিনি বলেন, সামান্য উত্তরীয় ও জওহরকোটের বিনিময়ে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে, যা আবার সমাবর্তন শেষ হওয়ার পর কর্তৃপক্ষকে ফিরিয়ে দিতে হয়েছে। সামান্য কয়েক ঘণ্টা ব্যাবহারের বিনিময়ে এই পোশাকের ভাড়া আড়াই হাজার টাকা হতেই পারে না। তাই এটি পরিকল্পিত দুর্নীতি।
তিনি বলেন, তাঁরা সন্দেহ করছেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা এভাবে আরও অনেক কেলেংকারি সংগঠিত করছেন, যা প্রকাশ্যে আসছে না। তাই আপাতত এই পোশাক কেলেংকারির ব্যাপারে তিনি অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
যুবফ্রন্টের আরেক আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী বলেন, একদিকে এই বিশ্ববিদ্যালয়ের জাতীয় রাঙ্কিঙে ক্রমাগত অবনয়ন হচ্ছে, অন্যদিকে দুর্নীতির খবর আসছে। তিনি বলেন, এভাবে চললে শেষ পর্যন্ত পাঁচগ্রাম কাগজকলের মতো এই বিশ্ববিদ্যালয়ও বন্ধ হয়ে যাবে। বরাকের ২৫ লক্ষ মানুষের দীর্ঘ সংগ্রামের ফসল এই বিশ্ববিদ্যালয়ের এমন পরিণতি হোক, তা কোনওভাবেই কাম্য নয় এবং তা কিছুতেই মেনে নেবে না বিডিওয়াইএফ। বাহার আহমেদ বলেন, অবিলম্বে সমস্ত ব্যাপারে সংশোধনী পদক্ষেপ না নিলে এ ব্যাপারে বৃহত্তর আন্দোলনে নামবে যুবফ্রন্ট।

