নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ বছরভর নানা পার্বণ, নানা উৎসব, আনন্দের সময়৷ তবে সেই উৎসবের সূচনা কিন্তু হয় দোল উৎসব দিয়েই৷ ফাল্গুণের পূর্ণিমা তিথিতে দোল উৎসব হয়৷ শাস্ত্র অনুযায়ী, দোল পূর্ণিমা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র৷ মঙ্গলবার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় দোল পূজা৷ দোল বা হোলি সম্প্রীতির উৎসব, তা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই৷ কিন্তু এক একটা সময় আসে, যখন সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব শব্দ বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে৷ তাই এইবারের দোল উৎসবে হিংসা, বিদ্বেষ বা সামাজিক দূরত্ব ভুলতে পারাই সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে ধরা দিক প্রত্যেকের কাছে এমনটাই কাম্য৷ সবার রঙে রঙ মেলাতে যেন প্রত্যেকে সফল হয়৷ সবাই নিরাপদে উৎসবে মাতবে এটাই কাঙ্খিত৷ সবাইকে মিলে লক্ষ্য রাখতে হবে, নিজের আনন্দ যেন অন্য কারও অশান্তির কারণ না হয়৷ সবাই মিলে এইগুলো লক্ষ্য রাখতে পারলেই দোল সবচেয়ে রঙিন হয়ে ধরা দেবে৷ মঙ্গলবার দোল পূর্ণিমা৷ এদিন বিভিন্ন মন্দির গুলিতে সকালে হয় দোল পুজা৷ অন্যান্য বছরের ন্যায় এই বছরও আগরতলার ইস্কন মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, উমামহেশ্বর মন্দির সহ অন্যান্য মন্দির গুলিতে একই চিত্র ধরা পড়ে৷ হিন্দু ধর্মের অনুসারীদের পবিত্র দিন হচ্ছে দোল পূর্ণিমা৷ ভগবান শ্রী কৃষ্ণ এই দোল উৎসব পালন করেছিলেন৷ দশ অবতারের মধ্যে অন্যতম অবতার ছিলেন শ্রী কৃষ্ণ৷ বিভিন্ন সময়ে বিভিন্ন রুপে তিনি আবির্ভূত হয়েছেন৷ দশম অবতারের আবির্ভাব হওয়ার সময় এখনো আসেনি৷ অশুভ শক্তির বিনাসের মাধ্যমে শুভ শক্তির আবির্ভাবের দিন দোল উৎসব৷ রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক তাঁর উৎসবের দিনে এই কামনা করেন উমামহেশ্বর মন্দিরের পুরোহিত৷ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই উৎসবে মেতে ওঠেন বলে জানান এক মহিলা৷ দোল পূজার মাধ্যমে ধর্মীয় আচার শেষে আবির খেলায় সকলে মেতে উঠবেন বলেও জানান তিনি৷ সৎ সঙ্গ লাভের মাধ্যমে আনন্দে মেতে থাকার দিন হোলি৷ তাই সকলে আনন্দে মেতে উঠবেন বলে আশা ব্যক্ত করেন তিনি৷
2023-03-07

