নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ খোয়াইয়ের পশ্চিম সিঙ্গিছড়ায় দুষৃকতিদের আক্রমণে মহিলা সহ আহত হয়েছে ৬ জন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ শনিবার দুপুরে বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই খোয়াই বিধানসভার পশ্চিম সিঙ্গিছড়া গ্রামে সিপিএম দুর্বৃত্তদের আক্রমণে মহিলা সহ আহত হন ৬ জন৷ আহতদের মধ্যে রয়েছেন সুরজিৎ দাস, গৌরী দাস, মনীদিপা পাল, প্রিয়াঙ্কা মালাকার, ঝুমা দাস পাল এবং সুবল কুমার দাস৷ এরা সবাই বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার সদস্য সদস্যা৷ ঘটনার বিবরণে জানা যায় খোয়াই বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের স্থানীয় প্রার্থী সুব্রত মজুমদারকে মনোনীত করায় পুরো বিধানসভার ৫২ টি বুথে স্থানীয় কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠে৷ আর তা দেখেই ২০-২৫ জন যুবক হাতে লাঠিও ধারালো অস্ত্র নিয়ে পশ্চিম সিঙ্গিছড়ার ১৫ নং বুথ এলাকায় সুবল কুমার দাসকে দেখে হঠাৎ পেটাতে শুরু করে৷ তা দেখে মহিলা মোর্চার কর্মীরা এগিয়ে এলে দুষৃকতীরা মহিলাদের উপর আক্রমণ চালায়৷ দুষৃকতীরা মোট ছয়জনকে পিটিয়ে আহত করে গা ঢাকা দেয়৷ পরে খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ এর মধ্যে গুরুতর আহতদের নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে৷ আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম সিঙ্গিছড়া গ্রামে৷
2023-01-28

