যাত্রী সহ বিমান ভেঙে পড়ল নেপালে পোখরা বিমানবন্দরে, বহু মৃত্যুর আশঙ্কা

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান। ওই বিমানে ৭২ জন ছিলেন। এর মধ্যে ৬৮ জন যাত্রী এবং চার জন বিমানকর্মী। ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে রানওয়ের উপর ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার মধ্যে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেটি ভেঙে পড়ে। পোখরা বিমানবন্দরটি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। উদ্ধারকাজের জন্য দমকল ও নিরাপত্তা বাহিনী কাজ শুরু করেছে।

রবিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১৩টি দেহ উদ্ধার করা হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, ‘‘কেন বিমানটি ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত রয়েছেন কি না, তা-ও বলতে পারছি না। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। আগুন নেভানোরও কাজ চলছে।’’ স্থানীয় সূত্রে খবর, কারও বেঁচে থাকার আশা ক্ষীণ।