করিমগঞ্জ (অসম), ১৪ জানুয়ারি (হি.স.) : মকর সংক্রান্তি, ভোগালিন বিহু বা, উত্তরায়ন সংক্রান্তি, নবান্নের উৎসব নাম পৃথক পৃথক হলেও মূলত তার দর্শন এক। গঙ্গাপুত্ৰ ভীষ্ম পিতার কাছ থেকে বর লাভ করেছিলেন ইচ্ছামৃত্যুর। সেই অনুসারে উত্তরায়ন সংক্রান্তির দিন পিতামহের মৃত্যু হয়েছিল। করিমগঞ্জের সাংবাদিকরা এবার প্রথম ‘সহচরী’র মাঠে প্রতিমা শিল্পালয়-এর উদ্যোগে পিতামহ ভীষ্মের শরসজ্জার দৃশ্য তুলে ধরেছেন সংক্ৰান্তি উপলক্ষে। শুক্রবার থেকে শুরু হয়েছে কার্যসূচি। থাকবে রবিবার সকাল পর্যন্ত।
টাউন কালীবাড়ি সংলগ্ন স্থানে তাঁদের আয়োজন মহাভারতের ভীষ্ম পিতামহের শরশয্যা। ইতিমধ্যে তিরবিদ্ধ ভীষ্ম পিতামহ ও অর্জুনের মূর্তি সেখানে নিয়ে আসা হয়েছে। দেখা গেছে, তির দিয়ে তৈরি শয্যার উপর শায়িত রয়েছেন ভীষ্ম পিতামহ। আর পাশে দাঁড়িয়ে রয়েছেন অর্জুন। শনিবার রাতেও এখানে প্রজেক্টরের মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম পিতামহকে অর্জুনের তির বর্ষণের দৃশ্য দেখানো হয়েছে। রবিবার সকালে মকর সংক্রান্তির দিন ভীষ্ম পিতামহের শরশয্যায় শায়িত মূর্তিটি দাহন করা হবে। এজন্য মূর্তি খড় দিয়ে তৈরি করার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।

