গুয়াহাটি, ৫ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটির ক্ষেত্ৰি এলাকার সোনাপুরে সংঘটিত ভূমিধসে মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। নিহত ব্যক্তিকে দীপক বরুয়া বলে শনাক্ত করা হয়েছে।
ঘটনা বুধবার রাতে সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পাহাড়ে মাটি খনন করছিলেন দীপক বরুয়া। কিন্তু আচমকা পাহাড় থেকে অবিরত ধস নামতে শুরু করে। ওই ধসের নীচে আবদ্ধ হয়ে যান দীপক। প্রতক্ষ্যদর্শীরা তাকে মাটির নীচ থেকে উদ্ধার করে সোনাপুর থানায় খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এশডিআরএফ-এর দল নিয়ে অকুস্থলে যায় পুলিশ। তারা আহত অবস্থায় দীপককে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপক বরুয়া।
পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে। এদিকে দীপক বরুয়ার মৃতদেহ ময়না তদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্ৰসঙ্গত, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পাহাড় খনন চলছে। জেলা প্ৰশাসন বারবার বিপজ্জনক পহাড়ে খনন না করতে নিষেধাজ্ঞা জারি করলেও একাংশ মানুষ তাতে আমল দিচ্ছেন না।

