অসমের চারটি জেলার বিলুপ্তি, বিশ্বনাথে জাতীয় সড়ক অবরোধ

বিশ্বনাথ (অসম), ১ জানুয়ারি (হি.স.) : ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে বছরের শেষ দিন দিল্লিতে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে চারটি জেলাকে বিলুপ্ত করে লাগোয়া জেলার সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে বিভিন্ন জেলায় ব্যাপক প্রশাসনিক প্রক্রিয়ায় পরিবর্তন হচ্ছে। আজ রবিবার এ নিয়ে রাজ্যের সংশ্লিষ্ট জেলা জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

অসমের যে চারটি জেলার বিলুপ্ত করা হচ্ছে সেগুলির মধ্যে রয়েছে বিশ্বনাথ জেলার নাম। আজ রবিবার এর প্রতিবাদে বিশ্বনাথ জেলার ১৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন বিভিন্ন দল সংগঠনের সদস্যরা।

সারা অসম ছাত্র সংস্থার বিশ্বনাথ জেলা কমিটির কার্যালয় থেকে শুরু করে পুলিশ পয়েন্ট পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ করা হয়। ক্যাবিনেট বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে প্রতীকী নোটিফিকেশন দাহ করেন প্রতিবাদকারীরা।

এদিকে জাতীয় সড়ক অবরোধ করার ফলে দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।