ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।।বল হাতে বিধ্বংসী শায়ন ভৌমিক এবং খাগিন মোহন ত্রিপুরা। শায়নের বিধ্বংসী বোলিংয়ে উদ্বোধনী ম্যাচে জয় পেলো জোলাইবাড়ি স্কুল। ৪৯ রানে পরাজিত করলো কসমোপলিটন ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেটে। জোলাইবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জোলাইবাড়ি ৬৬ রান করে ২১.২ ওভারে। দলের পক্ষে রাহুল দেবনাথ একমাত্র দুই অঙ্কের রানে পা রাখে। রাহুল ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে অভ্রদীপ দেবনাথ (৩/৮), কুনাল দেবনাথ (২/৭) এবং অপূর্ব মজুমদার (২/১১) সফল বোলার। জবাবে খেলতে নেমে শায়ন ভৌমিক এবং খাগিন মোহন ত্রিপুরা কার্যত স্ট্রিম রোলার চাপায় কসমোপলিটনের ব্যাটসম্যানদের উপর। শায়ন এবং খাগিনের বিধ্বংসী বোলিংয়ে কসমোপলিটন ১০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭ রান করতে সক্ষম হয়। দলের ৭ জন ব্যাটসম্যান কোনও রান করতে পাকরেনি। দল সর্বোচ্চ ৯ রান পায় অতিরিক্ত খাতে। জোলাইবাড়ি স্কুলের পক্ষে শায়ন (৫/১৩) এবং খাগিন (৪/১) সফল বোলার।
2022-12-20

