বিষমদকাণ্ডে মৃত্যুর জেরে উত্তাল বিহার বিধানসভা, চেয়ার তুলে হাঙ্গামা বিরোধী বিধায়কদের

পটনা, ১৬ ডিসেম্বর (হি.স.): বিষমদ কাণ্ডের জেরে উত্তাল বিহার বিধানসভা। চেয়ার তুলে হাঙ্গামা শুরু করেন রাজ্যের বিরোধী দলের বিধায়করা। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তখন বক্তব্য রাখছিলেন বিহার বিধানসভার অভ্যন্তরে। বিহার বিধানসভায় বিরোধী দলের বিধায়কের এই কাণ্ড ভাইরাল হয়েছে। মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারে শেয়ার হয়েছে একাধিক ভিডিও। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে বিধানসভার অভ্যন্তরে বিধায়কদের চিৎকারে উত্তাল গোটা বিধানসভা এবং বিধায়করা চেয়ার তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্পিকারের সামনে।মঙ্গলবার বিহারের সরণ জেলায় চোলাই মদ খেয়ে প্রাথমিক অবস্থায় ৫০ জন মারা যান, সেই সংখ্যা ৫৫ ছাড়িয়েছে। জেলাজুড়ে চলা বিষমদকাণ্ডের পর্দাফাঁস করার উদ্দেশ্যে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ছাপরাতে জেলা সদরদফতরে একটি সাংবাদিক সম্মেলনে সরণের জেলাশাসক রাজেশ মীণা বৃহস্পতিবার বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।