ভুল করে চলে গিয়েছিলেন পাকিস্তানে, পাক সেনার হাতে পাকড়াও বিএসএফ জওয়ান

অমৃতসর, ৮ ডিসেম্বর (হি.স.): অসাবধনতাবশত ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ায় পাকিস্তানি সেনার হাতে আটক বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক জওয়ান। বুধবার পঞ্জাব সেক্টরের কাছে ভুলবশত সীমান্ত পেরোতেই তাঁকে পাক সেনা আটক করে। বৃহস্পতিবার ভারতের সেনা কর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, শীঘ্রই ওই বিসএফ জওয়ানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এক সেনা আধিকারিক জানিয়েছেন, বুধবার সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ওই জওয়ান ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যান। এর পরই তাঁকে পাক সেনারা আটক করে। ইতিমধ্যেই আটক হওয়া সেনাকে দেশে ফেরত আনতে দুই দেশের সেনা কর্তাদের মধ্যে আলোচনা চলছে বলেও ওই সেনা আধিকারিক জানিয়েছেন।