গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মা, বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলে

সোনারপুর, ৫ ডিসেম্বর (হি. স.) : পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। মৃতার নাম কল্পনা ব্রহ্মচারী(৫৩)। মাকে আগুনে পুড়তে দেখে তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলে সুদীপ্ত চক্রবর্তী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার সোনারপুর থানার সুভাষগ্রাম এলাকায়।

প্রতিবেশীরা দুজনকেই উদ্ধার করে স্থানীয় সুভাষগ্রাম ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কল্পনাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সুদীপ্তর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। সঠিক কি কারণে এই ঘটনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে প্রতিবেশীদের দাবি বৌমার সাথে সাংসারিক অশান্তির জেরেই নিজের বাড়িতে গায়ে কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ।