চাম্পামুড়া: ১০৪/১০ (৪৩ ওভার)
এগিয়ে চলো: ১০৮/২ (২৫.৫ ওভার)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। দুর্দান্ত জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন এগিয়ে চলো। মহিলা ক্রিকেটে একই বছরে দ্বিমুকুট জয় এগিয়ে চলো সংঘের। দুটো ক্রিকেট মরশুম হতে পারে, তবে জয়ের ধারা অব্যাহত রেখে একের পর এক চ্যাম্পিয়নের খেতাব অর্জন করার মধ্য দিয়ে খেলোয়াড়রা যে কতটুকু আনন্দ পায়, পাশাপাশি প্রত্যাশার বাতাবরণ তৈরি হয়, তারও যথেষ্ট অবদান রয়েছে বৈকি। টিসিএ আয়োজিত সদর সিনিয়র মহিলা আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে এগিয়ে চলো সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। আজ, রবিবার ফাইনাল ম্যাচে চাম্পামুড়াকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে মহিলা ক্রিকেটে এগিয়ে চলো সংঘ শ্রেষ্ঠ স্থান অটুট রেখেছে। গত ৩ জানুয়ারিতে টিসি এর মহিলা ক্রিকেট টি-টোয়েন্টিতে এগিয়ে চলো সংঘ, চাম্পামুড়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। এমবিবি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে আজ, রবিবার টস জিতে চাম্পামুড়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু এগিয়ে চলোর অন্নপূর্ণা, প্রিয়াঙ্কা ও সুরভীর মত বোলারদের সামনে তেমন আহামরি কিছু করতে পারেনি। ৪৩ ওভার খেলে চাম্পামুড়া ১০৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে নিকিতা দেবনাথ সর্বাধিক ২৮ রান পায়। এগিয়ে চলো সংঘের অন্নপূর্ণা দাস ১৪ রানে তিনটি এবং প্রিয়াঙ্কা আচার্য, মামন রবি দাস ও সুরভী রায় একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘ ২৫ ওভার ৫ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মৌচৈতি দেবনাথ সাত রানে এবং অম্বিকা দেবনাথ ১৯ রিনে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেও সুলক্ষনা রায় ২৩ রানে এবং ঋজু সাহা ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। চম্পা মুরার প্রিয়াঙ্কা দাস ও রুম্পা সিং একটি করে উইকেট পেয়েছে। প্লেয়ার অব দ্যা ম্যাচের স্বীকৃতি পেয়েছে এগিয়ে চলো সংঘের মামন রবিদাস।

