বোকাখাত (অসম), ২৪ নভেম্বর (হি.স.) : হবু স্ত্রীর সঙ্গে দেখা হল না। মাঝপথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বছর ৩২-এর হবু স্বামী স্বরূপরঞ্জন বরা। আজ বৃহস্পতিবার সকালে দেড়গাঁও থেকে বোকাখাতে এএস ০৩ টি ৪৬৩৩ নম্বরের কে-১০ গাড়ি করে আসার পথে কমারগাঁও বসাপথারে চারলেন সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে সংঘটিত হয় দুর্ঘটনাটি৷
দেড়গাঁও জেলেহুয়া গ্রামের বাসিন্দা স্বরূপরঞ্জন বরা৷ একই গ্রামে বাড়ি তাঁর প্রেমিকা তথা হবু পত্নীরও৷ কাজিরঙা বন অধিকর্তার দফতরে কর্মচারী পদে খুব শীঘ্রই যোগদান করবেন হবু পত্নী৷ তাঁর সঙ্গে দেখা করতে আজ সকালে আসছিলেন ভারতীয় জীবন বিমা নিগমে কৰ্মরত স্বরূপরঞ্জন বরা৷ কিন্তু মাঝপথে সংঘটিত দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি৷
তবে ঘটনার সঙ্গে সঙ্গে আহত ভেবে স্থানীয়রা স্বরূপ বরাকে বোকাখাত সিভিল হাসপাতালে নিয়ে আসেন৷ কিন্তু হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসেন ভাবী পত্নী৷ শোকাহত বাগরুদ্ধ ভাবী পত্নী স্বরূপকে জড়িয়ে ধরে শুয়ে পড়েন৷ তাঁর সঙ্গী আত্মীয়স্বজন এবং নার্সরা কেউই তাঁকে তাঁর নিহত প্রেমিককে বাহু বন্ধন চাড়াতে পারছিলেন না৷ সে এক হৃদয়বিদারক দৃশ্য৷ বহুক্ষণ পর তাঁর আত্মীয়রা জবরদস্তি তাঁকে সরিয়ে নেন৷
অন্যদিকে স্বামীর মৃত্যুর পর একমাত্ৰ সন্তানকে হারিয়ে বুকফাঁটা কান্নায় ভেঙে পড়েন স্বরূপের মা ও তাঁর পরিবারের অন্যরা৷ পরে মৃত স্বরূপ বরার মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোলাঘাট সিভিল হাসাপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ৷

