আমতলীতে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷  রাবার বাগানে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিসমতকুড়ি এলাকায়৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান৷
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার আমতলী থানার অন্তর্গত কিসমতকুড়ি এলাকায় রাবার বাগানে পচাগলা মৃতদেহ উদ্ধার হয়৷ প্রথমে কেউই মৃত ব্যক্তিকে চিনতে পারছিলেন না৷ পরে জানা যায় মৃতের নাম কিঙ্কর গোয়ালা৷ বয়স ৪০ বছর৷ তার বাড়ি কিসমতকুড়ি এলাকায়৷ পরিবার সূত্রের খবর, গত আট দিন আগে কিঙ্কর  কাউকে কিছু না জানিয়ে  বাড়ি থেকে বের হয়ে যান৷ বাড়ি ফেরত না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করলে তার কোনো হদিস পাওয়া যায়নি৷  আজ মঙ্গলবার বাড়ির পাশে রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান এলাকার এক ব্যক্তি৷ সাথে সাথে খবর দেওয়া হয় আমতলী থানার৷ পুলিশ  ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় হাসপাতালে৷ কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে  তা এখনও স্পষ্ট নয়৷ তার মৃত্যু ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা এলাকায়৷