নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটের রাজনৈতিক জগতের প্রভাবশালী তরুণ মুখ হার্দিক প্যাটেল লড়বেন বিরামগাম বিধানসভা আসন থেকে।
বৃহস্পতিবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মনসুখ মান্ডভিয়া, বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও সি আর পাটিল। গুজরাটে দুই দফায় বিধানসভা ভোট ১ ও ৫ ডিসেম্বর, ওই মাসের ৮ তারিখ ফল ঘোষণা। প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি এদিন ১৬০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ক্রিক্রেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাকে জামনগর উত্তর বিধানসভা আসনের প্রার্থী করা হয়েছে। মাজুরা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।

