গুলমার্গে হিমাঙ্কের নীচে তাপমাত্রা, ৯ নভেম্বর ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

শ্রীনগর, ৮ নভেম্বর (হি.স.): আগামী তিন দিন আরও বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাসের মধ্যেই মঙ্গলবার গুলমার্গ এবং পহেলগাম-সহ কাশ্মীরের বেশিরভাগ জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ নভেম্বর (বুধবার) সন্ধ্যা থেকে ১১ তারিখের মধ্যাহ্নের মধ্যে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

তবে, খুব বেশি বৃষ্টি অথবা তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। ১২-১৬ নভেম্বর পর্যন্ত কাশ্মীরের আকাশ মূলত মেঘলা থাকবে, এই সময়েও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত এবং তাপমাত্রা কমে যাওয়ার কারণে ১০ এবং ১১ নভেম্বর জোজিলা, জম্মু-শ্রীনগর হাইওয়ে, লেহ-মানালি রোডে সাময়িকভাবে ব্যাহত হতে পারে যানবাহন চলচল। শ্রীনগরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ১.৬ ডিগ্রি ও জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।