ভারত জোড়ো যাত্রায় পুলিশের ধাক্কা! পড়ে গিয়ে চোখে চোট কংগ্রেস নেতা নীতিন রাউতের

হায়দরাবাদ, ২ নভেম্বর (হি.স.): হায়দরাবাদে ভারত জোড়ো যাত্রার সময় পুলিশের ধাক্কায় পড়ে গিয়ে চোখে মারাত্মক চোট পেয়েছেন কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নীতিন রাউত। অসুস্থ অবস্থায় হায়দরাবাদের ভাসাভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নীতিন রাউত। ডান চোখে তো আঘাত লেগেছে, হাতে ও পায়েও চোট পেয়েছেন তিনি।

অভিযোগ, হায়দরাবাদে ভারত জোড়ো যাত্রার সময় পুলিশের ধাক্কায় পড়ে যান কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নীতিন রাউত। ডান চোখে, হাতে ও পায়ে চোট পেয়েছেন তিনি। হাসপাতালের বিছানা থেকেই নীতিন বলেছেন, আমি ভারত জোড় যাত্রায় ছিলাম, আমরা ততক্ষণে চার মিনার পার করেছিলাম। আমি মঞ্চের দিকে যাচ্ছিলাম, যখন রাহুল গান্ধীর কনভয় এল, পুলিশ আতঙ্কিত হয়ে আমাকে ধাক্কা দিল। আমি একটি ব্যারিকেডের কাছে পড়ে গিয়ে আঘাত পেয়েছি। আমার রক্তপাত শুরু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।