ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর।। গ্রীন পিস ইন্ডিয়া ‘সিটিজ অফ সাইক্লিস্ট’ এই শ্লোগানকে সামনে রেখে অ্যাকশন-ডে পালিত হয়েছে আগরতলা সাইক্লোহলিক্স-এর সাইকেলবন্ধুদের আহ্বানে। আন্তর্জাতিক সাইকেল নেটওয়ার্ক বি ওয়াই সি এল, ওই ইভেন্টের সহযোগী সংস্থা। ভারতের বিভিন্ন শহরের বাইসাইকেল মেয়ররা যুক্ত হয়েছেন এই অ্যাকশন-ডে উপলক্ষে। এবং আগরতলাতেও বাইসাইকেল মেয়র গোপেশ দেবনাথ -এর তত্ত্বাবধানে আয়োজিত হয়েছে এই উদ্যোগটি।শনিবার সন্ধ্যায় ভারতবর্ষের ৮২টি শহরে সাইকেলবন্ধুদের আলোকসজ্জিত সাইকেল পরিক্রমা হয়। এই উদ্যোগে যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, তিরুবনন্তপুরম, নাগপুর, পুনে, মাইশূর,ব্যাঙ্গালোর , হায়দরাবাদ, আগরতলা, পাটনা, চন্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লক্ষ্ণৌর মতো বড় শহর আছে তেমনি গয়া, কুশীনগর, মধুবনী, ইন্দোর, কোল্লাম, পন্ডিচেরী, আলিগড়, সিমলা, গোরক্ষপুর, সোলান, বৈশালী’র মতো শহরগুলোতেও সাইকেলের জন্য সাইকেল বন্ধুদের শহর পরিক্রমা হয়েছে। “একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি প্রাণ ” সাইকেলের জন্য , সাইকেলবন্ধুদের জন্য এই বোধ যেন আরও বেশি ছড়িয়ে পড়ছে। সাইকেলের উপকারীতা ও প্রয়োজনীয়তার কথা লিফলেটে লিখে রাস্তায় বিলিও সই সংগ্রহ করতে হয়। প্রশাসনের কাছে ডেপুটেশন দিতে হয়, বড় বড় রাজনৈতিক দলের কাছে আবেদন জানাতে হয় যাতে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ব্যবহারকারী হিসেবে সাইকেল স্বীকৃত হয়, যাতে সরকার তার নগরায়ন প্রক্রিয়ায় সাইকেল ও মোটরহীন যানবাহনের জন্য বিকল্প পরিকাঠামো নির্মাণে সক্রিয় হয়। নগরবাসীকে সাইকেলে উৎসাহিত করতে সংস্থা নানান ধরনের কার্যকলাপ চালিয়ে যায়। দীপাবলী উৎসবে আলোকিত সাইকেল পরিক্রমা এরকম একটা অ্যাক্টিভিটি। বিশ্বখ্যাত ‘গ্রীন পিস ‘ সংগঠন ভারতের বিভিন্ন শহরের জন্য আহ্বান রেখেছে সাইকেল প্রেমীদের জন্য। সাইকেলের জন্য শহর এবং শহরের জন্য সাইকেল।
2022-10-23

