নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ বিশালগড় থানাধীন চড়িলামে সাব্রুম – আগরতলা জাতীয় সড়কে বৃহস্পতিবার দুপুরে এবং সন্ধ্যায় এক সুকল ছাত্রী সহ এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়৷ তারই জের ধরে চড়িলাম এলাকাবাসীরা এবং চড়িলাম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাব্রুম – আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে৷ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং স্থানীয় এলাকাবাসীদের দাবি চড়িলাম এলাকায় সাব্রুম আগরতলা জাতীয় সড়কে সিসিটিভি ক্যামেরা লাগানো সহ রাস্তায় স্পিড ব্রেকার, ট্রাফিক পয়েন্ট বসানো, বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা করা সহ একাধিক দাবি নিয়ে রাস্তা অবরোধ করে৷ রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই পাশে অনেক গাড়ি আটকা পড়ে যায়৷ ছুটে আসে বিশালগড় থানার পুলিশ ও বিশাল টিএসআর সহ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, সিপাহীজলা জেলা পুলিশ কার্যালয়ের ডিএসপি রণধীর দেববর্মা৷ পরে পুলিশ আধিকারিকরা সহ বিদ্যালয় কর্তৃপক্ষ এক বৈঠকে করে সমস্যা সমাধানের আশ্বাস দেন৷ তারপর অবরোধ প্রত্যাহার করা হয়৷
2022-10-21

