ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। বিশ্ব সেরা দাবাড়ুর খেতাব পেলো দিল্লি মেট্রিক্স চেস আকাদেমির ছাত্রী শুভি গুপ্তা। অনূর্ধ্ব-১২ বিভাগে। ১১ রাউন্ডের আসরে সাড়ে ৮ পয়েন্ট পেয়ে বিশ্ব সেরা হয়েছে শুভি। জর্জিয়াতে হয়েছিলো আসর। মাত্র দুমাস আগে ওই বিভাগে দেশের সেরা দাবাড়ুর সম্মান পেয়েছিলো সে। তাতে শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলে ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত-র ছাত্রী শুভি। মাত্র ৩ বছর আগে মেট্রিক্সে যোগ দেয় গাজিয়াবাদের ওই দাবাড়ুটি। প্রদীপ এবং উর্মিলা গুপ্তার এক ছেলে এবং এক মেয়ের ছোট শুভি। গাজিয়াবাদের ইন্দ্রপুরম পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী শুভি। গোটা দেশ থেকেই শুভি এবং তঁার কোচ প্রসেনজিৎ দত্তকে অভিনন্দন জানানো হচ্ছে। ছাত্রীর দুর্দান্ত সাফল্যে খুশি খোদ প্রসেনজিৎ। দিল্লি থেকে টেলিফোনে প্রসেনজিৎ বলেন,”পরিশ্রমের সুফল পেলো। বিশ্ব আসরে ভালো ফলাফল করতে প্রতিদিন কমকরে ৬ ঘন্টা অনুশীলন করতো। এরই সুফল পেলো। এবারের সাফল্য আগামীদিনে আরও ভালো ফলাফল করতে সাহায্য করবে শুভিকে। এখন ওর লক্ষ্য গর্যান্মাস্টার হওয়া। আমার বিশ্বাস শুভি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবেই”। প্রসঙ্গত: এবছর জাতীয় অনূর্ধ্ব-১২ আসরে দেশের সেরা হওয়ার পাশাপাশি জাতীয় অ্যামেচা অনূর্ধ্ব-২০০০ রেটিং দাবায় সেরা, অনূর্ধ্ব-১৬ জাতীয় দাবায় তৃতীয় এবং ওয়েস্টার্ণ এশিয়া দাবায় রৌপ্য পদক পেয়েছিলো শুভি।
2022-09-27

