নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর বিরুদ্ধে ফের মেগা অভিযান দেশজুড়ে। মঙ্গলবার সকাল থেকে মধ্যপ্রদেশ, কর্ণাটক, অসম, দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে পিএফআই-এর বিরুদ্ধে চলছে তল্লাশি অভিযান। সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ এবং এটিএস ইউনিটকে সঙ্গে নিয়ে পিএফআই-এর বিরুদ্ধে অভিযান চলছে। শুধুমাত্র রাজধানী দিল্লিতেই পাকড়াও করা হয়েছে ৩০ জন পিএফআই নেতা-কর্মীকে।
মহারাষ্ট্রের থানে ক্রাইম ব্রাঞ্চ পিএফআই-এর সঙ্গে যোগ সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে। নাসিকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মালেগাঁও শহরেও চলছে অভিযান।ঔরঙ্গাবাদ থেকে ১৩ জনকে এবং মালেগাঁও থেকে ২ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, উত্তর প্রদেশে এটিএস ও উত্তর প্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে রাজ্য জুড়ে অভিযান চালিয়ে এক ডজনেরও বেশি পিএফআই নেতা-কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। বেঙ্গালুরুর এডিজিপি আইনশৃঙ্খলা অলোক কুমার জানিয়েছেন, এসডিপিআই-এর ইয়াদগিরি জেলা সভাপতি-সহ ৭৫ জনেরও বেশি পিএফআই এবং এসডিপিআই কর্মী ও নেতাদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে; রাজ্য জুড়ে পুলিশের অভিযান চলছে। ১০৮, ১৫১ সিআরপিসি ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।

