যোরহাট (অসম), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : উজান অসমের যোরহাট জেলার অন্তর্গত মরিয়নি বিধানসভা এলাকায় চাকরি-প্ৰাৰ্থীদের কাছ থেকে নগদ টাকা দাবি করার অভিযোগে এক প্ৰতারককে গ্ৰেফতার করেছে পুলিশ। ধৃত প্ৰবঞ্চক শোণিতপুর জেলা সদর তেজপুরের বাসিন্দা রঞ্জন ভুইয়াঁ বলে জানা গেছে।
মরিয়নি থানার পুলিশ জানিয়েছে, সশস্ত্ৰ বাহিনীতে চাকরি দেওয়ার বিনিময়ে বহু বেকার প্ৰাৰ্থীর কাছ থেকে টাকা দাবি করেছিল রঞ্জন ভুইয়াঁ ও তার চক্র। চাকরি বিক্রিচক্রের অন্যতম চাঁই রঞ্জন। পুলিশের কাছে আরও জানা গেছে, কয়েকজন প্ৰবঞ্চক যোরহাটের লোকনাথ বিবাহ ভবন নামের এক প্রতিষ্ঠানে ডেরা পেতে চাকরি বিক্রির জাল পেতেছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ওই বিবাহ ভবনে হানা দিয়ে রঞ্জন ভুইয়াঁকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে ছিল আরও চারজন। তারা পালিয়ে গা ঢাকা দিয়েছে।
এই চক্রটি এমইএস সেনা ছাউনিতে ইন্টারভিও দিতে আগত চাকরি-প্ৰাৰ্থীদের টার্গেট করে প্রবঞ্চনার জালে ফাঁসাচ্ছিল। পুলিশের অফিসারটি জানান, পলাতক বাকি চারজনকেও গ্রেফতার করা হবে।

