নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর : সামান্য বৃষ্টিতেই রাজধানীর আগরতলা শহর বানভাসি অবস্থায় পরিণত হয়৷ তাতে আগরতলা শহর এলাকায় বসবাসকারী জনগণ এবং ব্যবসায়ীদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ জল জমে বানভাসি অবস্থার ফলে সাধারণ মানুষকেও চলাচল করতে সমস্যায় পড়তে হয়৷ এসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন৷ রবিবার মুখ্যমন্ত্রী নিজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আগরতলা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জল নিষ্কাশনের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ শহরের বিভিন্ন জায়গায় জল নিষ্কাশনী ব্যবস্থা সহ শান্তি পাড়া এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী৷ রবিবার সকালে তিনি পুর নিগমের মেয়র, নগর উন্নয়ন দপ্তরের প্রধান, সদর মহকুমা শাসক ও অন্যান্য আধিকারিকদের নিয়ে নগর পরিদর্শনে যান৷ ছিলেন পুর নিগমের কাউন্সিলারও৷ বিশেষ করে শহরের জল নিকাশি ব্যবস্থা ও পার্কিং নিয়ে বেশ কিছু নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অবিলম্বে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে৷
2022-09-11

