নয়াদিল্লি, ২৪ আগস্ট ( হি.স.) : সাংবাদিক সিদ্দিক কাপ্পানের জামিন মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবার ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। ২০২০ সালে উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণ-কাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা হয়। তখন থেকে তিনি জেলেই রয়েছেন। এর আগে একাধিকবার নিম্ন আদালত সিদ্দিকের জামিন খারিজ করে দেয়। মঙ্গলবারই এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় এক গাড়িচালককে জামিনে মুক্তি দিয়েছে। ওই চালক কাপ্পান এবং তাঁর সঙ্গীদের হাথরসে পৌঁছে দিয়েছিলেন। যোগী রাজ্যের পুলিশ তাঁকেও গ্রেফতার করে।
এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ সম্প্রতি কাপ্পানের জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে কাপ্পান বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করেন। ২০২০ সালের ৫ অক্টোবর কাপ্পান এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

