বোকাজান (অসম), ১৬ আগস্ট (হি.স.) : কারবি আংলং জেলার বোকাজানে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন গুরুতরভাবে ঘায়েল হয়েছেন। দুর্ঘটনাটি আজ মঙ্গলবার সকালের দিকে বোকাজান মহকুমার ডিলাই থানাধীন জিরো পয়েন্ট এলাকায় সংঘটিত হয়েছে।
বোকাজান সদর থানা সূত্রের খবর, আজ সকালে এএস ০৩ এএ ৮৬৪৭ নম্বরের একটি বলেরো এবং এএস ০৯ বিসি ০৮৮১ নম্বরের বলেরো পিকআপ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘৰ্ষের দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ অকুস্থলে পৌঁছে স্থানীয় মানুষের সহায়তায় অ্যাম্বুল্যান্সে করে আহত চারজনকে ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে আহত অন্যদের চিকিৎসার জন্য ভরতি করে নিহত ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে সূত্রটি জানিয়েছে, আহত একজন যোরহাট জেলার বরহলা এলাকার প্ৰণব শইকিয়া বলে পরিচয় পাওয়া গেছে।

