বালুচিস্তানে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাক সেনার ৬ জন জওয়ানের মৃত্যু

বালুচিস্তান, ২ আগস্ট (হি.স.): পাকিস্তানের বালুচিস্তানে ভেঙে পড়ল পাকিস্তানি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। সোমবার বিকেলের পর থেকে নিখোঁজ ছিল ওই হেলিকপ্টারটি। মঙ্গলবার পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বালুচিস্তানে ভেঙে পড়েছে সেই হেলিকপ্টারটি। এই দুর্ঘটনায় পাক সেনার ৬ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

কোয়েটা থেকে করাচি অভিমুখে যাচ্ছিল হেলিকপ্টারটি। বিকেল ৫.৩০ মিনিটের পর থেকে হেলিকপ্টারটির কোনও খোঁজ পাওয়া যায়নি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই রওনা হয়েছিল হেলিকপ্টারটি। মঙ্গলবার পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ থাকা হেলিকপ্টারের ৬ জন জওয়ানের মৃত্যু হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।কাকলি

শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সিএএ কার্যকর নিয়ে শাহ-র সঙ্গে কথা, টুইটারে শুভেন্দু
কলকাতা, ২ আগস্ট (হি. স.) : আগামী ৭ আগস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজধানীতে পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। মঙ্গলবার স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে শাহের ঘরেই ৪৫ মিনিট একান্ত বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা অন্য কোনও নেতাই সেখানে উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে শুভেন্দু টুইট করে জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি শাহের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে দ্রুত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের অনুরোধও জানিয়েছেন তিনি।