শ্রীনগর ও জম্মু, ২৮ জুলাই (হি.স.): ভারী ও অবিশ্রান্ত বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। ভারী বৃষ্টিপাতে কাশ্মীরের কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে স্কুল, ভূমিধস ও পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকলেও এদিনই যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে জম্মু-পুঞ্চ হাইওয়েতে। পুঞ্চ জেলার ঝুলাস এলাকায় আকস্মিক বন্যার কারণে আটকে পড়েছিলেন ৪ জন যুবক। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়, প্রথমে বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেয়েছিল উপত্যকা। পরে এই বৃষ্টিই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াল। বৃষ্টিতে বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা। জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর, আপাতত আগামী ২৪ ঘন্টা এমনই থাকবে আবহাওয়া। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এদিন বন্ধ রাখা হয় স্কুল, ছাত্র-ছাত্রীরা না এলেও শিক্ষকদের স্কুলে আসতে হয়েছে। ভূমিধসের কারণে মুঘল রোডেও বন্ধ হয়ে পড়েছিল যানবাহন চলাচল, বৃহস্পতিবার স্বাভাবিক হয়েছে গাড়ির যাতায়াত।

