পিয়ংইয়ং, ১১ জুন (হি. স.) : প্রথমবারের মতো একজন মহিলাকে বিদেশমন্ত্রী হিসেবে নিয়োগ করেছে উত্তর কোরিয়া প্রশাসন। দেশের প্রবীণ কূটনীতিক চো সন-হুই এই পদে নিয়োগ পেয়েছেন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দলীয় এক বৈঠকে চো সন-হুইকে বিদেশমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। চো সন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রি সন গওনের স্থলাভিষিক্ত হবেন। এর আগে চো সন দেশটির উপ–বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চো সন হুই মূলত একজন কূটনৈতিক। তিনি ভালো ইংরেজি বলতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার সময় কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছিলেন চো। ওই সময় কিমের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি।

